জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষে স্পষ্ট হয়েছে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের নিরঙ্কুশ জয়। মোট ৩৯টি কেন্দ্রের ফল বিশ্লেষণে দেখা যায়, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সহসাধারণ সম্পাদক—এই তিন গুরুত্বপূর্ণ পদেই ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন।
সহসভাপতি পদে মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ অর্জন করেছেন ৫ হাজার ৪৭০ ভোট, আর ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। সহসাধারণ সম্পাদক পদে মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট, বিপরীতে ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর তানজিলের প্রাপ্ত ভোট ৩ হাজার ৯৪৪।
মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও একটি হল সংসদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছয়টি ওএমআর মেশিনে ভোট গণনা শুরু হলেও গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে। পরে গভীর রাতে পুনরায় গণনা শুরু করে শেষ পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন, যার মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। ওই হল সংসদে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪২ জন এবং সেখানে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।
এই ফলাফলের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজনীতিতে নতুন বাস্তবতার প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের ফল ঘিরে ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।