ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা দলীয় সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এই আসনে স্থানীয় নেতাকর্মীদের একটাই দাবি ছিল—দলের প্রার্থী দেওয়া। দলের প্রার্থী না থাকায় শেষ পর্যন্ত ‘ভাড়া করা প্রার্থী’ চাপিয়ে দেওয়া হয়েছে, যার প্রতীক খেজুর গাছ। এখন বলা হচ্ছে ধান আর খেজুর গাছ এক নাকি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামে এক নির্বাচনি পথসভায় রুমিন ফারহানা বলেন, হাঁসকে বাঘ বললেই বাঘ হয়ে যায় না। ধান ধানই থাকে, খেজুর গাছ খেজুর গাছই। খেজুর গাছ মরুভূমির, আর ধান বাংলাদেশের প্রাণ—এই বাস্তবতা কেউ বদলাতে পারবে না।
উল্লেখ্য, বিএনপি ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দেয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপরও মাঠে নেমে তিনি দলের ঐতিহ্য ও প্রতীকের পক্ষে সরব অবস্থান নিয়েছেন।