বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেওয়া অবস্থানকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে তিনি সঠিক বলে মন্তব্য করেছেন।
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবি ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি পাঠিয়েছে। এ প্রসঙ্গে আফ্রিদি বলেন, ভেন্যু পরিবর্তনের সংস্কৃতি প্রথম শুরু করেছে ভারতই, যা ক্রিকেটের জন্য লজ্জাজনক। তিনি বলেন, “ভারতই শুরু করছে (ভেন্যু পরিবর্তন)। তাদের সঙ্গে অন্যরা যোগাযোগ রাখবে না। বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে, তা সঠিক। টাকার দাপটে চলছে ভারত।”
আফ্রিদি আরও বলেন, ক্রিকেটকে এগিয়ে নিতে হলে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অতিরিক্ত প্রভাব কমাতে হবে। তার ভাষায়, “আইসিসিতে ভালো চিন্তাধারার মানুষ রয়েছে। আইসিসি শুধু ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ভারতের দিকে অতিরিক্ত ঝোঁক বন্ধ করতে হবে। ক্রিকেটকে টিকিয়ে রাখতে হলে এই অবস্থার পরিবর্তন দরকার। বাংলাদেশের জন্য ভেন্যু বদল করাই এখন যুক্তিসংগত।”
উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি এই পেসারকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে।