জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে ঘিরে হিজাব বিতর্কের ঘটনায় ইসলামী ছাত্রশিবিরকে সিরাতাল মুস্তাকিমের পথে চলার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। মঙ্গলবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে হামিম লেখেন, শিবির যেন ছলচাতুরি ও বিভ্রান্তিকর কৌশল বাদ দিয়ে সঠিক পথে ফিরে আসে। ধর্মীয় অনুভূতিকে সামনে এনে অন্যায়কে বৈধতা দেওয়ার চেষ্টা না করে সেই মেধা দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, অন্যায়কারীকে পোশাক দিয়ে জাস্টিফাই না করে এসব কাজ থেকে সরে আসা উচিত।
হামিম তার পোস্টে অভিযোগ করেন, জকসু নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগত এনে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিজেদের পরিচয় প্রমাণের প্রয়োজন নেই। তিনি সতর্ক করে বলেন, বাংলার রাজনৈতিক পরিসরে শিবির যেন মিথ্যাবাদ ও চুরির প্রতিশব্দে পরিণত না হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম-এর স্ত্রী মাহিমা আক্তারকে হেনস্তার অভিযোগ ওঠে। পরে পুলিশ তাকে ছেড়ে দেয়। বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।