চট্টগ্রামে গোপন বৈঠকের সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দক্ষিণ জেলা শাখার সহ-সভাপতি খালেদ মাসুদকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খালেদ মাসুদ বোয়ালখালী উপজেলার আকুবদণ্ডী এলাকার প্রয়াত শওকত আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আন্দরকিল্লা এলাকায় গোপনে বৈঠক করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে অংশ নেওয়া অন্যরা দ্রুত পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকেই খালেদ মাসুদকে আটক করা সম্ভব হয়।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে আটক ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্য নেতা-কর্মীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি।