ফরিদপুরের সালথা উপজেলায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের পাঁচজন নেতা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের চেয়ারম্যান বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান তারা।
পদত্যাগকারীরা হলেন মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আফসার উদ্দিন মাতুব্বর, সহ-সভাপতি মো. এসকেন মাতুব্বর, মাঝারদিয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মোল্লা, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক মাতুব্বর এবং উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. বছির মাতুব্বর।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা জানান, মো. আফসার উদ্দিন মাতুব্বরের নেতৃত্বে তারা সবাই আজ থেকে আওয়ামী লীগের সব পদ-পদবি ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন। একই সঙ্গে তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার ঘোষণা দিয়ে বলেন, ভবিষ্যতে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর নেতৃত্বে রাজনীতি করবেন।
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা অবমূল্যায়ন ও রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে আসছেন। স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলেও দাবি করেন তারা। পাশাপাশি নেতাকর্মীদের নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন পদত্যাগকারীরা।
সংবাদ সম্মেলনে সালথা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক পর্যবেক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় পদত্যাগকারী নেতারা বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। তবে এ বিষয়ে সালথা উপজেলা আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।