মেহেদী হাসান রাতুল ( সিলেট ),
সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে আজকের ম্যাচসহ সিলেটে অনুষ্ঠিত সব বাংলাদেশ প্রিমিয়ার লিগ কার্যক্রম বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন বিপিএল কাভার করতে আসা সাংবাদিকরা।
সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে সিলেট টাইটান্স–এর সব ম্যাচ, অনুশীলন সেশন ও সংবাদ সম্মেলন সম্পূর্ণভাবে বয়কট করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী নিজের ফেসবুক পেজে সাংবাদিকদের উদ্দেশ্যে আপত্তিকর ও অপ্রীতিকর ভাষায় একটি স্ট্যাটাস দেন, যা নজরে আসে বিপিএল কাভার করা সাংবাদিকদের। এরপরই তারা সম্মিলিতভাবে বয়কটের সিদ্ধান্ত নেন।
এর আগে গত মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট টাইটান্সের একটি ম্যাচ দেখতে এসে ফাহিম আল চৌধুরী বিপিএল নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রকাশ্যে বলেন,
‘আমি সরি, বিপিএলকে আমার গোনার টাইম নাই। আমি আইপিএল নিয়ে চিন্তা করি। বিপিএলের কোনো দলকেই আমার শক্তিশালী মনে হয় না। মাথার মধ্যে আইপিএলটাই থাকে।’
এই বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া স্ট্যাটাসকে সাংবাদিক সমাজ পেশাগতভাবে অবমাননাকর বলে উল্লেখ করেছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষমা প্রার্থনা না করা হলে আন্দোলন আরও বিস্তৃত করার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।