জাতীয় পার্টিকে (জাপা) নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে মঞ্চ-২৪।
সংগঠনটির হুঁশিয়ারি অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সারা দেশে জাতীয় পার্টি-র ২২৪টি আসনে দাখিল করা মনোনয়নপত্র বাতিল না করা হলে বাংলাদেশ নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।
প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করলেও তাদের দীর্ঘদিনের সহযোগী হিসেবে পরিচিত জাতীয় পার্টির রাজনৈতিক তৎপরতা এখনো বন্ধ করা হয়নি, যা চরম বৈষম্যমূলক সিদ্ধান্ত।
ফাহিম ফারুকী আরও বলেন, ‘জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে জাতীয় পার্টিকে আবারও রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া যাবে না। জনগণের ভোটাধিকার হরণে জড়িত কোনো দল নির্বাচনে অংশ নেওয়ার নৈতিক অধিকার রাখে না।’
তিনি দ্রুত সময়ের মধ্যে জাতীয় পার্টির মনোনয়ন বাতিল করে নির্বাচন থেকে অযোগ্য ঘোষণার দাবি জানান এবং তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।