১১ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে বরিশাল-৫ (সদর উপজেলা) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি সুলতান মাহমুদ। এর ফলে আসনটি ছেড়ে দেওয়া হয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি ফয়জুল করিম-এর জন্য।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১১ দলীয় জোটের বৃহত্তর ঐক্য, সামগ্রিক রাজনৈতিক কৌশল এবং দলীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেন মুফতি সুলতান মাহমুদ।
এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ এই রাজনৈতিক প্রক্রিয়ায় বরিশাল-৫ সদর উপজেলা ও মহানগরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষ যে শ্রম, সময়, পরামর্শ ও দোয়ার মাধ্যমে তার পাশে থেকেছেন, তার জন্য তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেন।
মুফতি সুলতান মাহমুদ বলেন, জনগণের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও বিশ্বাস তার রাজনৈতিক জীবনের অন্যতম শক্তি এবং আজীবনের প্রেরণা হয়ে থাকবে। তিনি উল্লেখ করেন, রাজনীতি ব্যক্তি বা পদকেন্দ্রিক নয়; বরং দল, আদর্শ, শৃঙ্খলা ও বৃহত্তর ঐক্যের ওপর প্রতিষ্ঠিত।
তিনি আরও বলেন, এই বিশ্বাস থেকেই ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য ও শ্রদ্ধা রেখে ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং জনকল্যাণমূলক রাজনীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিবৃতির শেষাংশে বরিশাল সদর উপজেলা ও মহানগরের জনগণের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে এবং সুখ-দুঃখে যারা শুরু থেকেই তার পাশে ছিলেন, আগামী দিনগুলোতেও তিনি তাদের সঙ্গে থেকে মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।
এ সময় তিনি মহান আল্লাহ তায়ালার কাছে সবার নিঃস্বার্থ ভালোবাসা কবুল হওয়ার জন্য দোয়া করেন।
উল্লেখ্য, ১১ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ খেলাফত মজলিস-এর মনোনীত প্রার্থী হিসেবে মুফতি সুলতান মাহমুদ বরিশাল-৫ (সদর) আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন।