দেশের স্বার্থে আগামীতেও বিএনপি ও জামায়াতে ইসলামী একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সুন্দর ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে মিলেমিশে কাজ করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ। খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করে গেছেন, তার ওপর দাঁড়িয়েই সবাইকে একসঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ইতিহাসের এক বিরল সম্মান নিয়ে বেগম খালেদা জিয়া চলে গেছেন। মানুষের আবেগ ও চোখের পানিতে দেওয়া বিদায় তার প্রতি জাতির ভালোবাসারই বহিঃপ্রকাশ। জাতির জন্য তিনি যা করেছেন, আল্লাহর পক্ষ থেকে সেটির প্রতিদান তিনি পেয়েছেন বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
তিনি আরও বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। সামনে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে—একটি সংস্কারের জন্য, অন্যটি সরকার গঠনের জন্য। ১২ ফেব্রুয়ারির নির্বাচন যেন নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে বিএনপি নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে।
ডা. শফিকুর রহমান জানান, অতীতের মতো আগামীতেও দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার বিষয়ে উভয় পক্ষই একমত। নির্বাচন শেষে সরকার গঠনের আগেও খোলা মনে বসে জাতির স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার অঙ্গীকার করেন তিনি।