আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাৎক্ষণিক গ্রেফতার করে আদালতে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
সোমবার (২৯ ডিসেম্বর) পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন।
আইজিপি বাহারুল আলম বলেন, নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো মূল্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে। নির্বাচন ঘিরে কোথাও বিশৃঙ্খলা বা সহিংসতার আশঙ্কা দেখা দিলে সঙ্গে সঙ্গে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, প্রাক-নির্বাচনি সময়ে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আরও বাড়াতে হবে। নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন তিনি।
থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, সরকার ঘোষিত পুরস্কারের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করতে হবে, যাতে সাধারণ মানুষ তথ্য দিয়ে সহযোগিতায় উৎসাহিত হয়।
সভায় দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ সদর দফতরে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম, ডিআইজি (গোপনীয়) মো. কামরুল আহসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় নভেম্বর ২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারি পরোয়ানার অগ্রগতি, মামলা তদন্ত ও বিচার কার্যক্রমের ফলাফল এবং সাজার হারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করা হয়।