শাবিপ্রবি প্রতিনিধি :
গুচ্ছ প্রক্রিয়া থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে বিভাগীয় শহরে ভর্তি প্রক্রিয়া আয়োজনের দাবিতে মানববন্ধন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধনে এ দাবি জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা বিরোধী একদল শিক্ষার্থী।
মানববন্ধন শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল চলাকালীন সময়ে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে গুচ্ছ প্রথার কবর দে’ ‘গুচ্ছের ঠিকানা এই ক্যাম্পাসে হবেনা’ ‘গুচ্ছ প্রথার অপর নাম, সেশনজট সেশনজট’ ‘সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল বের হয়। মিছিলটি চেতনা-৭১ হয়ে গোল চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাপনী বক্তব্যে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এই সময়ের মধ্যে মধ্যে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের না হওয়ার সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
মানবন্ধনে বক্তব্য দেন রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব ও রিমকাতুল অথৈ, ইংরেজি বিভাগের দেলোয়ার হোসেন শিশির, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন, গণিত বিভাগের হাফিজুল ইসলাম, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের মুস্তাফিজুর রহমান ও নৃবিজ্ঞান বিভাগের তোফাজ্জল।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লা আল গালিব বলেন, ‘শিক্ষার্থীদের আর্থিক ক্ষতি থেকে রক্ষার জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষা চালু হয়েছিল। আমরা সকলে গুচ্ছকে স্বাগত জানিয়েছিলাম। তবে গত ৩বছরে গুচ্ছ সেই লক্ষ্য পূরণ করতে পারেনি বরং শিক্ষার্থীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।’
গুচ্ছ কমিটির উদ্দেশ্য করে তিনি বলেন, শিক্ষার্থীরা কোনো টেস্টিং কিট নই, আপনারা আমাদেরকে নিয়ে এভাবে খেলা করতে পারেননা। যতদিন পর্যন্ত না আপনারা যথাযথ পদ্ধতি দাঁড় করাতে পারছেন ততদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোকে স্বাধীনভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সুযোগ দিতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, গুচ্ছ প্রক্রিয়া একটি দীর্ঘ প্রক্রিয়া। দীর্ঘ প্রক্রিয়া হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে সেশনজট তৈরি হয়েছে। এছাড়া শাবিপ্ররি নিজস্ব প্রশ্নেপত্রের যেই মান ছিল সেটা গুচ্ছ প্রক্রিয়ায় মানা হচ্ছে না। এজন্য শাবিপ্রবি এখন আগের মতো আর মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারছে না।
যে কারণে বিশ্ববিদ্যালয়ের সুনাম দিন দিন ক্ষুণ্ণ হচ্ছে। এসময় শিক্ষার্থীরা বলেন, দুর্ভোগ, সময় ও অর্থের অপচয় রোধের কারণে গুচ্ছের উত্থান হয়েছিল। তবে এই প্রক্রিয়া ফেল করেছে। তাই আমরা গুচ্ছ থেকে বের হয়ে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে নেওয়ার দাবি জানাই। যাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রশ্নের মানও ঠিক থাকে এবং সময় ও দুর্ভোগ লাঘব হয়।