দীর্ঘ প্রায় ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–কে বহনকারী বিমান।
(২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লন্ডন থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর নিয়মিত ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। এর আগে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ সংক্ষিপ্ত যাত্রাবিরতি সম্পন্ন করে ঢাকার উদ্দেশে রওনা হয়।
এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দীর্ঘ প্রবাসজীবন শেষে পরিবারের সঙ্গে তার এই ফেরা বিএনপি নেতাকর্মীদের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
বিমানবন্দরে অবতরণের পর সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্য দিয়ে তারেক রহমানকে অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। বিমানবন্দর থেকে বের হওয়ার প্রতিটি ধাপে ছিল বিশেষ নজরদারি।
দলীয় সূত্র জানায়, বিমানবন্দরে অবস্থানকালে তারেক রহমান রজনীগন্ধা লাউঞ্জে স্বল্প সময়ের জন্য দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি সড়ক পথে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্ধারিত গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওনা হন।
বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের এই প্রত্যাবর্তন কেবল ব্যক্তিগত স্বদেশফেরা নয়, বরং দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত। দীর্ঘদিন পর তার সরাসরি উপস্থিতি দলীয় রাজনীতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে নতুন মাত্রা দেবে বলে মনে করছেন তারা।
দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে তারেক রহমানের ঢাকায় আগমনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।