আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই তিনি এসব পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ফারজানা শারমিন পুতুল বলেন, নির্বাচনে প্রার্থী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে থাকা নির্বাচন কমিশনের আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এ ছাড়া নির্বাচনী ব্যস্ততার কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হবে না বলেও তিনি মনে করেন।
এর আগে সোমবার (২২ ডিসেম্বর) তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়–এর আইন উপদেষ্টা, ক্যাপিটাল ল কলেজ–এর গভর্নিং বডির সভাপতি, গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড–এর স্বাধীন পরিচালক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, “আমি চাই না আমার ব্যক্তিগত নির্বাচনী ব্যস্ততার কারণে কোনো প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হোক। একই সঙ্গে নির্বাচন কমিশনের কাছে কোনো ব্যাখ্যার প্রয়োজন তৈরি হোক, সেটিও আমি চাইনি।”
নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই তিনি এলাকায় সক্রিয় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন আইন, শিক্ষা ও কর্পোরেট খাতে সক্রিয় ভূমিকা পালন করা এই আইনজীবী নির্বাচনকে সামনে রেখে সম্পূর্ণভাবে জনসেবামুখী রাজনীতিতে মনোনিবেশ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।