সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
শহীদ ওসমান হাদির শাহাদাতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও উল্লাস করার অভিযোগে মনমোহন রায় নামের এক ছাত্রকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল সই করা এক চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মনমোহন রায়। তিনি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের টেকনোলজি-পাওয়ার বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা।
অফিস আদেশে জানানো হয়েছে, ‘প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ এবং ফেসবুকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শহীদ ওসমান হাদির শাহাদাতকে কেন্দ্র করে কটাক্ষ,
বিদ্রূপ ও উল্লাস প্রদর্শন এবং ক্যাম্পাসে নিষিদ্ধঘোষিত রাজনৈতিক সংগঠনের সঙ্গে মনমোহন রায়ের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। পরবর্তী সময়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির সুপারিশ ও একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক গুরুতর অপরাধের ধরন বিবেচনায় প্রতিষ্ঠান থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে।’
জানা যায়, আনুমানিক ১৭ ডিসেম্বর রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে তিনি পোস্ট করেন ‘হেডশর্ট ডান, মেডিকিট নিয়ে আর কতক্ষণ’। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তকে ক্যাম্পাস থেকে স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ২১ ডিসেম্বর বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।