টেকনাফে নাফ নদী ও তৎসংলগ্ন এলাকায় গত ২০ ও ২১ ডিসেম্বর টানা ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। অভিযানে ২.০৬৯ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পর ২০ ডিসেম্বর রাতে বিশেষ অভিযান শুরু হয়।
২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি-এর নেতৃত্বে তিনটি বিশেষ টহল দল নাফ নদী সংলগ্ন এসআর খাল, কেওড়া জঙ্গল এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকাটি ঘিরে ফেলে।
দীর্ঘ ১২ ঘণ্টার চিরুনি তল্লাশিতে এসআর খাল সংলগ্ন হ্যাচারি এলাকা থেকে ২.০৬৯ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় সাইরান খালের পানিতে ভেসে থাকা অবস্থায় আরও ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।
তবে পাচারকারীরা জনসমাগমের সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি পেশাদারিত্বের সাথে কাজ করছে।
তিনি বলেন, “সীমান্ত এলাকায় মাদক ও মানব পাচারসহ যেকোনো অপরাধ দমনে বিজিবি’র এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।” তিনি তথ্য দিয়ে সহায়তার জন্য স্থানীয় জেলে ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান।
জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।
পাচারকারীদের শনাক্ত করতে বিজিবি’র গোয়েন্দা তদন্ত অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।