প্রায় প্রতি সপ্তাহেই এলাকায় আসার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে তার বড় স্বপ্ন রয়েছে। এই দুই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান এবং জনগণের ভোটে সংসদে গেলে সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন।
সভায় তিনি বলেন, দেশের অনেক আসনে মনোনয়ন নিয়ে উৎসব হলেও সরাইল-আশুগঞ্জের মানুষ এখনও জানেন না তাদের এমপি প্রার্থী কে—এটি দুঃখজনক। নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, গত ১৭ বছরে তার অবস্থান ও ভূমিকা মানুষ জানেন। বাবার অপূর্ণ স্বপ্ন পূরণ করতেই তিনি রাজনীতিতে এসেছেন।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত ১৫ বছর মানুষ প্রকৃত ভোট দিতে পারেনি। সরকার যে ভালো নির্বাচনের আশ্বাস দিচ্ছে, বিএনপি সেটিতে আস্থা রাখতে চায়। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার, লুট হওয়া অস্ত্র আইনের আওতায় আনা এবং ভোটার-প্রার্থী-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বিএনপি দুই দফায় ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। এ আসনে রুমিন ফারহানা নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।