ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে অবস্থান করছেন ছাত্র-জনতা। শুক্রবার ভোরেও তারা সেখানে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়েই ফজরের আজান দেওয়া হয়। আজান শেষে সেখানেই উপস্থিত ছাত্র-জনতা ফজরের নামাজ আদায় করেন।
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ছাত্র-জনতা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেন।
এর আগে গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই দিনই এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়।