নীলফামারীর ডোমার উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় উপজেলা সদরের স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, থানা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিশু-কিশোরদের মনোমুগ্ধকর ডিসপ্লে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।