ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই কর্মসূচি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার বেলা ১টা ২০ মিনিটের দিকে ছাত্রজনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে জড়ো হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ ব্যারিকেড স্থাপন করে আন্দোলনকারীদের আটকে দেওয়ার চেষ্টা করে। তবে ছাত্রজনতা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান।
এরপর আন্দোলনকারীরা হাইকোর্ট মাজারের সামনে পৌঁছালে বেলা ১টা ২৩ মিনিটে আবারও পুলিশের বাধার মুখে পড়েন। সেখানে দ্বিতীয় দফায় ব্যারিকেড দেওয়া হলেও ছাত্রজনতা সেটিও অতিক্রম করে সামনে অগ্রসর হন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। তার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বেলা ১টা ৪৫ মিনিটের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশে রওনা দেন বলে কর্মসূচি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে রোববার ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এই ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আহ্বানে ছাত্রজনতাকে স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্ররা অভিযোগ করেন, ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় এখনো মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। তারা দাবি করেন, এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াতে পারে না। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।