রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন-২০২৫ থেকে সহ-সভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) সহ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মোট ৮ জন প্রার্থী।
রবিবার (১৪ ডিসেম্বর) জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে মনোনয়নপত্র প্রত্যাহারকারীদের এই তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনী তফসিল (সংশোধিত)-এর ক্রম-১৪ অনুযায়ী এই প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
ভিপি পদ থেকে পরিসংখ্যান বিভাগের তাওসিন ইসলাম এবং সমাজবিজ্ঞান বিভাগের মিঠুন চন্দ্র রায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এজাড়াও তালিকায় রয়েছেন (জিএস) পদ থেকে মার্কেটিং বিভাগের এফ আর এম মেহেদী হাসান শুভ, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদ থেকে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মো. রিয়াদ সরকার এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের উজ্জ্বল চন্দ্র দাস, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদ থেকে দর্শন বিভাগের আসিফ হোসেন নির্বাহী সদস্য পদ থেকে বাংলা বিভাগের মো. আশরাফুল ইসলাম এবং ফিন্যান্স বিভাগের আবুবকর সম্পদ।
মনোনয়নপত্র প্রত্যাহারকারী স্বতন্ত্র ভিপি প্রার্থী তাওসিন ইসলাম বলেন, “আমরা ভোলা বাসি ঐক্যবদ্ধ। এ কে এম রাকিব ভাই আমার ভোলার ছেলে। বিগত দিনগুলোতে আমাদের ক্যাম্পাসের স্বার্থে রাকিব ভাই সম্মুখ সারিতে থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন। আমার দৃঢ় বিশ্বাস ভবিষ্যতেও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নিঃস্বার্থভাবে কাজ করে যাবেন। তাই সার্বিক দিক বিবেচনায় আজ প্রার্থিতা প্রত্যাহার করেছি।”
এছাড়াও মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জিএস পদপ্রার্থী এফ.আর.এম মেহেদী হাসান শুভ বলেন, “ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের (ছাত্রশক্তি সমর্থিত) জিএস পদপ্রার্থী ফয়সাল মুরাদ ও আমি উভয়ই বিবিএ অনুষদের। তাই তাকে সমর্থন জানিয়ে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”
প্রাসঙ্গত, গত ১২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৩ ও ১৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়। যার শেষ কর্মদিবসে এই তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন।