মোঃ আব্দুল হালিম,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে নির্বাচনী প্রচারণায় এক বিরল উদাহরণ সৃষ্টি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী। নির্বাচন কমিশনের আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তিনি নিজ উদ্যোগে নিজের পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ শুরু করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে ছাতক শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা যায়, মাওলানা আব্দুস সালাম আল মাদানী নিজেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার নাম ও দলীয় প্রতীক–সংবলিত পোস্টারগুলো খুলে ফেলছেন। শহরের প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতেও একই দৃশ্য দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাধারণত প্রার্থীরা নির্বাচন শেষে বা আচরণবিধি ভঙ্গের নোটিশ পাওয়ার পর প্রচারসামগ্রী অপসারণ করে থাকেন। কিন্তু সালাম মাদানীর স্বতঃস্ফূর্ত উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক আলোচনা তৈরি করেছে।
মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, “নির্বাচনি আচরণবিধি সবার জন্য সমান। আমি একজন প্রার্থী হিসেবে নিজে থেকেই নিয়ম মানার ক্ষেত্রে এগিয়ে থাকতে চাই। তাই নির্দেশনা আসার সঙ্গে সঙ্গে আমার সব ধরনের প্রচারসামগ্রী অপসারণ শুরু করেছি।”
তিনি আরও বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য যে আইন-কানুন জারি হবে তা আমাদের সবারই মানতে হবে। আমার নির্বাচনি দুই উপজেলার যেখানে যেখানে প্রচারসামগ্রী লাগানো হয়েছে, সব আমরা পর্যায়ক্রমে খুলে ফেলছি।”
ভবিষ্যৎ প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, “যখন প্রচারণার জন্য নির্ধারিত সময় দেওয়া হবে, তখন সবাই পোস্টার-লিফলেটসহ প্রচারণা চালাতে পারবেন। আইনের প্রতি সকলের শ্রদ্ধাশীল হওয়া জরুরি।”
তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্থানীয় ভোটাররা বলেন, নির্বাচনি আচরণবিধি মেনে চলার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা অন্যান্য প্রার্থীর জন্যও অনুকরণীয়।