আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাইলে এবং জনগণ যদি তা গ্রহণ করে, তবে তাদের ক্ষমতায় ফিরে আসায় বিএনপির কোনো আপত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনের মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মুশফিকুর রহমান বলেন, “জনগণ চায় না আওয়ামী লীগ ক্ষমা না চেয়ে ফিরে আসুক। তারা তো এখনও মানুষের কাছে কোনো ক্ষমা চায়নি। জনগণ যদি ক্ষমা করে দেয়, বিএনপির আপত্তি নেই। বিএনপি কোনো দলের সঙ্গে প্রতিযোগিতায় ভয় পায় না।”
বিএনপি নির্বাচনের জন্য কতটা প্রস্তুত—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতারা বারবার বলেছেন যে দল নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, “যদি প্রস্তুত না থাকতাম, তবে এতদিনে সব মনোনয়ন সম্পন্ন করা যেত না। বিএনপির সব প্রার্থীর মনোনয়ন দেয়া হয়ে গেছে। আমরা নির্বাচন করব এবং আশা করি আমাদের নেত্রীও আমাদের সঙ্গে থাকবেন।”
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, তিনি মূলত ধারণা করেছিলেন যে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে এবং তিনি সেখানেই চিকিৎসার দেখভাল করবেন। এখন পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি দেশে ফেরার সময় নির্ধারণ করবেন। তবে তিনি নিশ্চিত করেন—খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন।
দোয়া মাহফিলটি আয়োজন করে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। সেখানে জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন এবং সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।