রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ব্রিফ করছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিকেল ৩টা ১৫ মিনিটে হাসপাতালের গেটের সামনে সাংবাদিকদের তিনি এ বিষয়ে বিস্তারিত অবহিত করছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসা, পর্যবেক্ষণ, নতুন পরীক্ষার রিপোর্ট এবং সার্বিক শারীরিক অবস্থার সঠিক ও হালনাগাদ তথ্য জানাতেই এই ব্রিফিংয়ের আয়োজন। তার ভাষায়, “দেশজুড়ে যেহেতু উদ্বেগ রয়েছে, তাই পরিবার ও দলের পক্ষ থেকে সঠিক তথ্য জানানোর এটাই উপযুক্ত সময়।”
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন ৮০ বছরের সাবেক প্রধানমন্ত্রী। কিডনি, লিভার, হৃদপিণ্ডসহ শারীরিক নানা জটিলতা বৃদ্ধি পাওয়ায় তাঁর স্বাস্থ্যঝুঁকি এখনো গুরুতর পর্যায়ে রয়েছে। হাসপাতালের সিসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রতিদিনই মেডিকেল বোর্ডের বৈঠকে তাঁর চিকিৎসার অগ্রগতি ও নতুন পরীক্ষার ফলাফল পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে পরিবার ও দলের পক্ষ থেকে খালেদা জিয়াকে উন্নততর চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তবে মেডিকেল বোর্ডের সবুজ সংকেত না পাওয়ায় যাত্রার সময় এখনো নির্ধারিত হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন—বর্তমান শারীরিক অবস্থায় তিনি ফ্লাই করার মতো স্থিতিশীল নন।
দেশের রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তীব্র উদ্বেগ বিরাজ করছে। আজকের ব্রিফিংয়ে তাঁর সঠিক চিকিৎসা অগ্রগতি ও পরবর্তী করণীয় সম্পর্কে অধিক স্পষ্টতা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।