খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম। আজ বুধবার বিকেলে তিনি দলের আরও দুই শীর্ষ নেতাকে নিয়ে হাসপাতালে পৌঁছান।
সেখানে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ ও দায়িত্বশীল চিকিৎসকদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে চান তিনি। পরে বেগম জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘ নেক হায়াত ও পরিবারের জন্য ধৈর্যের দোয়া করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।
খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা জানিয়ে ফয়জুল করীম বলেন, দেশের এই কঠিন সময়ে জনগণের দোয়া ও ভালোবাসাই তাঁর জন্য বড় শক্তি।
হাসপাতালে তাঁর সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।