আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া রোববার বিকেলে সেনবাগ উপজেলার রাস্তার মাথা ও ছমিরমুন্সির হাট এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারাভিযান পরিচালনা করেন।
দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাজারের বিভিন্ন দোকানপাট, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং দলের লিফলেট তুলে দেন। প্রচারণাকালে বহু প্রবীণ ব্যক্তি তাকে আশীর্বাদ জানান এবং নির্বাচনী মাঠে সফলতার কামনা করেন।
এর আগে সেনবাগ পৌর শহরে জাকারিয়া স্থানীয় এনসিপি নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা করেন। গণসংযোগ চলাকালে তিনি বলেন, “এনসিপির প্রার্থীরা দেশের ভবিষ্যতের জন্য প্রস্তুত, শিক্ষিত ও সৎ নেতৃত্ব উপহার দিতে চায়।
জনগণের আস্থা পেলে আমরা পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারব। শাপলা কলি প্রতীকেই সেই পরিবর্তনের পথচলা শুরু হবে।”
প্রচারে অংশ নেন এনসিপি সেনবাগ উপজেলা সংগঠক মো. আবু নাছের, পৌর সংগঠক আনোয়ার হোসেন, মোহাম্মদ শামীমসহ স্থানীয় নেতা-কর্মীরা।