আমজাদ শিবলু: সেনবাগ উপজেলা প্রতিনিধি
নির্বাচন সামনে রেখে দিনভর প্রচারে সরব নোয়াখালী-২ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া। এলাকার বাজার-হাট থেকে গ্রামাঞ্চলের উঠান বৈঠক—প্রতিটি ক্ষেত্রেই ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন দলীয় বার্তা ও প্রতীক ‘শাপলা কলি’র পরিচিতি।
শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেনবাগের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, উঠান বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন তিনি। দুপুরে ডমুরুয়া ইউনিয়নের একাধিক উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের পর বিকেলে বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে কানকিরহাট ও ছাতারপাইয়া বাজারে গণসংযোগ করেন জাকারিয়া।
গণসংযোগকালে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এসময় জাকারিয়া বলেন, “স্বাধীনতার পর অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও দেশকে দুর্নীতিমুক্ত করা যায়নি। বরং দুর্নীতি আরও প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। মানুষ পরিবর্তন চায়, দায়িত্বশীল রাজনীতি চায়। সেই পরিবর্তনের লক্ষ্যে আমরা ভোটারদের কাছে এনসিপির শাপলা কলি প্রতীকে সমর্থন কামনা করছি।”
এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির সেনবাগ উপজেলা সংগঠক আবু নাছের, উপজেলা সংগঠক মো. মামুন হোসেন, পৌরসভা সংগঠক মোহাম্মদ শামীমসহ দলের নেতা-কর্মীরা।