বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দেশপ্রেমিক ইসলামি জনতার যে ঐক্য আজ প্রতিষ্ঠিত হয়েছে, তার প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে স্পষ্টভাবে পড়বে। তিনি জোর দিয়ে বলেন, দেশে আবার কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নরসিংদীর শিবপুর কলেজ মাঠে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মাওলানা মামুনুল হক বলেন, “আগামীর দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ আমরাই গড়ব। আন্দোলন-সংগ্রাম করে এক ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে। দেশে আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। যে আন্দোলন আমরা শুরু করেছি—হয় আমাদের জীবন বিসর্জন যাবে, নয়তো দেশ ও জাতির বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, ইসলামপ্রেমী জনগণ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠেছে। এই ঐক্যই হবে দেশের পরিবর্তনের শক্তি।
গণসমাবেশটি আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিশ শিবপুর উপজেলা শাখা। সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি আব্দুল বাছেদ কাসেমী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি রাকিবুল ইসলাম।
সমাবেশ উদ্বোধন করেন খেলাফত মজলিশের অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা ইসমাইল নূরপুরী। সঞ্চালনায় ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য দেন—
খেলাফত মজলিশের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন
সাংগঠনিক সম্পাদক মাও. আজিজুর রহমান হেলান
নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূর
সমাবেশের শেষাংশে নরসিংদী-৩ আসনের এমপি প্রার্থী মুফতি রাকিবুল ইসলামের হাতে দলীয় প্রতীক ‘রিকশা’ তুলে দেন প্রধান অতিথি মাওলানা মামুনুল হক এবং আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেন জনতার সামনে।
নেতাকর্মীদের দৃঢ় অঙ্গীকার—আগামীর রাজনীতিতে ইসলামি শক্তির ঐক্যই হবে পরিবর্তনের নতুন ভিত্তি।