মো:আতেফ ভূঁইয়া, গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের কাশিমপুরে সেনাবাহিনীর অভিযানে ৮৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মৌচাক আর্মি ক্যাম্পের একটি টহল টিম।
রবিবার (২৩ নভেম্বর ২০২৫ইং) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মহানগরীর কাশিমপুর থানাধীন ৩নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় মৌচাক আর্মি ক্যাম্পের মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ এর নেতৃত্ত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, সেনাবাহিনীর একটি টহল টিম কাশিমপুর এলাকায় টহল কার্যক্রম পরিচালনার সময় সন্দেহজনকভাবে চলাফেরা করা এক মাদকাসক্ত ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্থানীয় মাদক সরবরাহকারী ও চক্রের অবস্থান সম্পর্কে তথ্য প্রদান করেন।
পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টহল টিমটি প্রথমে কাশিমপুরের কুখ্যাত ইয়াবা ডিলার আরিফ হোসেন ওরফে কসাই আরিফ এর মাদকের আড্ডায় অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ রুবেল আলম (৩২) নামে এক সহযোগীকে আটক করা হয়। তার কাছ থেকে ৫,৯৯৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী একই এলাকার আরেক মাদক ব্যবসায়ী মোঃ রাজু আহমেদ (৩২)-কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২,৩০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সর্বমোট ৮,৩০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজনকে আটক করার পর কাশিমপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
সোমবার কাশিমপুর থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।