জুলাই গণহত্যার দায়ে দণ্ডিতদের সাজা কার্যকর এবং দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২২ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের মাথা থেকে মিছিলটি শুরু হয়। নেতৃত্বে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
মিছিলে দলটির হাজারো নেতাকর্মী অংশ নেন। তাদের হাতে ছিল—‘গৃহপালিত বিরোধী দলের বিচার করো’, ‘দল হিসেবে আওয়ামী লীগের বিচার করো’, ‘শ্রমিক হত্যার বিচার চাই’, ‘ব্যাংক লুটের বিচার চাই’—এমন নানা স্লোগানযুক্ত প্ল্যাকার্ড। একই সঙ্গে তারা স্লোগান দিতে থাকেন—“দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ”, “দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে”, “লীগ ধর, জেলে ভর”—ইত্যাদি।
গণমিছিলে এনসিপির পাশাপাশি যোগ দেয় জাতীয় শ্রমিক শক্তি ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে, যেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন এনসিপির শীর্ষ নেতারা।
এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরীফুল ইসলাম আদীব বলেন, “জুলাই গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গীদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। সরকার যেন দ্রুত এই বিচারপ্রক্রিয়া সম্পন্ন করে—এটাই আমাদের দাবি।”
এদিকে গণমিছিল শুরু হলে কাজী নজরুল ইসলাম এভিনিউসহ বাংলামোটর ও কাওরান বাজার এলাকাজুড়ে তীব্র যানজট দেখা দেয়। মিছিলের কারণে ওই পথ দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।
মিছিল শেষে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্রীয় লুট–দুর্নীতির শাস্তি এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকার স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।