জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে শুধু নির্বাচন কমিশনের ওপর নির্ভর করলে চলবে না; রাজনৈতিক দলগুলোকেও জাতির কাছে দায়বদ্ধতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ভোটারদের কেন্দ্রে আনতে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জামায়াতে ইসলামী, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের শুরুতেই সিইসি এই মন্তব্য করেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন নির্বাচন আয়োজন করে, কিন্তু নির্বাচনকে সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক করে তুলতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, ভূমিকা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাররা যেন আশ্বস্ত হয়ে ভোটকেন্দ্রে আসতে পারেন—এটাও দলগুলোর দায়িত্ব।”
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচন–পরিবেশ সুস্থ রাখলে এবং ভোটারদের আস্থা বাড়ালে সুষ্ঠু নির্বাচনের পথ আরও মসৃণ হবে। কমিশন তার আইনগত দায়িত্ব পালন করবে, তবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব পক্ষকে সহযোগিতার মনোভাব দেখাতে হবে।
এর আগে গত বৃহস্পতিবার, রোববার ও সোমবার—দুই সেশনে প্রতিদিন ১২টি করে মোট ৩৬টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনি সংলাপ করেছে ইসি। সেই ধারাবাহিকতায় বুধবারের বৈঠক অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন জানায়, বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৫। সম্প্রতি নতুন দুটি দল নিবন্ধন পেয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে এবং তিনটি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে।
সিইসি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে কমিশন প্রস্তুতি নিচ্ছে এবং সব দলকে সমান সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আচরণ করবে এবং নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে তাদের ভূমিকা রাখবে।