রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা উপদেষ্টার বাসার সামনের রাস্তায় দুটি ককটেল ছুড়ে মারে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের এক কর্মকর্তা বলেন, ঘটনার প্রকৃত কারণ ও কারা জড়িত তা নিশ্চিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
এর আগে একই দিনে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ব্যস্ততম কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুটি ককটেল বিস্ফোরিত হয়। দু’টি ঘটনাতেই কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে অস্থিরতা বেড়েছে। গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এরপর থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলায় বাসে আগুন, ট্রেনে অগ্নিসংযোগ এবং ককটেল হামলার ঘটনা বাড়তে থাকে।
গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকার একাধিক এলাকায় ককটেল নিক্ষেপ, গাড়িতে আগুন এবং নাশকতার ঘটনায় তীব্র উত্তেজনা দেখা দেয়। এ সময় পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, রায় ঘোষণার আগের রাতে রাজধানীতে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আইনশৃঙ্খলা বাহিনী বলেছে—যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।