ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যাই হোক, তা কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “এই রায় শোনার জন্য সবাই কান পেতে আছে।”
রোববার (১৬ নভেম্বর) বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে। দেশে সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি বলেন, “কেউ যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে, আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।”
নির্বাচনকে সামনে রেখে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়, সে লক্ষ্যে মাঠ প্রশাসন প্রস্তুত রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি “মোটামুটি সন্তোষজনক” বলে মন্তব্য করে তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীই নয়, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “যখন জনগণ নির্বাচনমুখী হয়ে যায়, তখন কেউ কিছু থামিয়ে রাখতে পারে না। এখন পুরো দেশই নির্বাচনের দিকে তাকিয়ে আছে।”
বরিশালের নথুল্লাবাদে শ্রমিক ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী আরও সতর্ক থাকবে।
এর আগে দুপুর ২টার দিকে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কর্মকর্তাদের নিয়ে ড্রিল সেটে পরিস্থিতি পর্যালোচনা করেন।