বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, তিনি কখনো ভাবেননি আবারও নির্বাচনে অংশ নিতে পারবেন। আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) বিএনপির মনোনয়নপত্র ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় ফেরার পথে নেত্রকোণা সদরের চল্লিশায় নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন,
“দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনো ভাবি নি। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল আমার নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। আবারও এই ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।”
লুৎফুজ্জামান বাবর বলেন,
“মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ এলাকায় ফিরছি। এজন্য আমার নেত্রকোণাবাসীর কাছেও আমি শুকরিয়া আদায় করি। কারণ নেত্রকোণার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছে। এবং আমার নির্বাচনি এলাকা নেত্রকোণা ৪ মদন, মোহনগঞ্জ খালিয়াজুরির ভাটি বাংলার মানুষের ঋণ আমি কখনোই ভুলতে পারবো না। আমি আমার পুরো জীবন তাদের জন্য যতটুকু পারি করে যাবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।”
আগামীতে হাওরপাড়ের মানুষ তাকে আবারও মন্ত্রী হিসেবে দেখতে চান কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,
“পূর্বে আল্লার ইচ্ছা আর আমার নেত্রী ও নেতার কারণেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতে কী হবে তাও মহান আল্লাহতালা আর আমার নেত্রী ও নেতাই নির্ধারণ করবেন। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।”
জুলাই সনদ সম্পর্কে তিনি বলেন,
“জুলাই সনদের ব্যাপারে আমাদের মহাসচিব ইতিমধ্যে কথা বলেছেন। এবং প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে। সেটাই আমার বক্তব্য এবং আমিও তাকে সাধুবাদ জানাই।”
উল্লেখ্য, নেত্রকোণার পাঁচটি আসনের মধ্যে হাওরবেষ্টিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি নিয়ে গঠিত নেত্রকোণা–৪ আসনেই দীর্ঘ ১৭ বছর পর বিএনপি ধানের শীষ প্রতীকে প্রার্থী করেছে লুৎফুজ্জামান বাবরকে।