প্রধান উপদেষ্টার ভাষণের পর ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই— এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর বিজয়নগরে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
নুর বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার উদ্যোগকে গণঅধিকার পরিষদ স্বাগত জানায়। তার মতে, জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে— এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান ও বিভাজনের কারণে নির্বাচনের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রধান উপদেষ্টার বক্তব্যে সেই সংশয় দূর হয়েছে।
তিনি আরও বলেন, এখন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হলো নির্বাচন আয়োজনকে কেন্দ্র করে সরকারকে সহযোগিতা করা।
নুরুল হক নুর দাবি করেন, নির্বাচন বানচালে শেখ হাসিনার দোসররা বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে। তাই সব রাজনৈতিক দলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।