অন্তর্বর্তী সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে। কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যে কোপেনহেগেনে তার এগ্রিমো বা সম্মতির জন্য চিঠি পাঠানো হয়েছে। ডেনমার্ক সরকার সম্মতি দিলেই তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ড. নিয়াজ আহমেদ খানের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন শুধু ডেনমার্কের চূড়ান্ত সম্মতির অপেক্ষা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “এগ্রিমো পাঠানো হয়েছে। তারা গ্রহণ করলেই নিয়োগ কার্যকর হবে।”
গত ৫ নভেম্বর বিকেলে ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে যান। সাক্ষাৎ শেষে সাংবাদিকরা ডেনমার্কে রাষ্ট্রদূত নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “এ বিষয়ে কথা বলতে আসিনি।” যদিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে তার নিয়োগ-সম্পর্কিত কাজ তখনই প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকারী ড. নিয়াজ আহমেদ খান দীর্ঘদিন ধরে অধ্যাপনাসহ শিক্ষা-ব্যবস্থাপনা ও প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার আন্তর্জাতিক গবেষণা অভিজ্ঞতা, একাডেমিক দক্ষতা এবং নীতিনির্ধারণী পটভূমির কারণেই তাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্বে মনোনীত করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কূটনৈতিক মহল বলছে, নতুন সরকার দেশের পররাষ্ট্র নীতি পুনর্গঠন ও বৈশ্বিক অংশীদারত্ব জোরদারের যে উদ্যোগ নিয়েছে, তার অংশ হিসেবেই অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের বিভিন্ন দপ্তরে নিয়োজিত করা হচ্ছে। ডেনমার্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগ, জ্বালানি, জলবায়ু ও উন্নয়ন সহযোগিতা নতুন পর্যায়ে প্রবেশ করায় এই দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ।