জাতির উদ্দেশে দেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে জোটের শীর্ষ নেতারা প্রধান উপদেষ্টার ঘোষণাকে “সময়োপযোগী, বাস্তবসম্মত ও জাতির প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ” বলে মন্তব্য করেন।
বিবৃতিতে জোটের নেতারা বলেন,
জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের ঘোষণা দেশের সাধারণ জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
তাদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া ও সংবিধান সংস্কার নিয়ে যে অনিশ্চয়তা বা বিভ্রান্তি ছিল, তা কাটিয়ে উঠে একটি সুস্পষ্ট দিকনির্দেশনা পাওয়া গেছে।
নেতারা বলেন, রাজনৈতিক অঙ্গনে গত কয়েক সপ্তাহ ধরে গণভোটের তারিখ নিয়ে সন্দেহ, উত্তেজনা ও বিতর্ক ঘনীভূত হচ্ছিল। প্রধান উপদেষ্টার ভাষণ এই অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে।
“এখন সব রাজনৈতিক দলের উচিত অযথা নতুন দাবি না তোলে নির্বাচনী প্রস্তুতি ও গণভোট প্রচারণায় মনোযোগী হওয়া,”—বিবৃতিতে উল্লেখ করা হয়।
১২ দলীয় জোটের মতে, জাতীয় নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোট আয়োজন একটি “ঐতিহাসিক পদক্ষেপ”, যা দেশকে একইসঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতা ও সংস্কারের পথে এগিয়ে নেবে। তারা মনে করেন, দুইটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রক্রিয়া একসঙ্গে সম্পন্ন হওয়ায় সময়, ব্যয় এবং প্রশাসনিক চাপ কমবে, পাশাপাশি জনগণও এতে ব্যাপকভাবে সম্পৃক্ত হতে পারবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন—
জাতীয় পার্টি (কাজী জাফর)–এর চেয়ারম্যান মোস্তফা জালাল হায়দার, এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে
ইসলামের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর নুরুল আমিন বেপারী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রকিব, বাংলাদেশ
ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, ইউনাইটেড লিবার পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান এবং প্রগতিশীল জাতীয়তাবাদী দলের পিএনপি চেয়ারম্যান ফিরোজ মো. লিটন।