দলীয় কর্মসূচি ‘লকডাউন’কে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম মাঠে নামার ঘোষণা দিয়েছেন। বুধবার (১২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
সাদিক কায়েম লিখেছেন, “নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে আজ ও আগামীকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাঠে থাকবে ডাকসু।” তিনি আরও জানান, “আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত এবং রাত ৯টায় বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে।”
তিনি বলেন, “আজ রাতে এবং আগামীকাল সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া হবে।” পোস্টে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানান—“দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান, ক্যাম্পাসে নেমে আসুন।”
ডাকসু ভিপির এই ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার এই অবস্থানকে সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।