জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর ভিপি, জিএস ও এজিএস পদে নির্বাচিত প্রতিনিধিরা ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং স্বৈরাচারী সরকারের সময় তাদের সবাই ছাত্রলীগের হয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র–শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন বলেন, “ডাকসু ও জাকসুর নির্বাচনে যারা ভিপি, জিএস, এজিএস পদে নির্বাচিত হয়েছেন, তারা স্বৈরশাসকের সময় থেকেই হলে অবস্থান করে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তারা প্রকাশ্যভাবে ছাত্রলীগের কার্যক্রমে অংশ নিয়েছেন এবং নানা অনিয়মে যুক্ত ছিলেন। জুলাই আন্দোলনের সময় তাদের কাউকেই রাজপথে দেখা যায়নি।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবের সময় এই দেশকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করতে ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী শহীদ হয়েছেন। অসংখ্য কর্মী এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন। কিন্তু সেই সংগ্রামের ইতিহাস অনেকেই ভুলে গেছে।”
ছাত্রদলের পিছিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করে নাছির উদ্দীন বলেন, “দীর্ঘ সময় ধরে আমাদের নেতাকর্মীরা অন্যায়ভাবে জেল-জুলুমের শিকার হয়েছেন। হলে অবস্থান করা বা রাজনীতি করার সুযোগ দেওয়া হয়নি। তবুও এই নির্বাচনের মধ্য দিয়ে ছাত্রদল আবারও সংগঠিত হয়েছে।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতের প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল আরও শক্তিশালীভাবে অংশ নেবে এবং শিক্ষার্থীদের আস্থা অর্জন করবে।