বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকিট দেয়, তারা মুনাফেকি করে। ভোট হলে জামায়াতের অস্তিত্বই থাকবে না।”
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমাদের সাবধান থাকতে হবে, কারণ জামায়াত নানা কৌশলে ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করে। কিন্তু দেশের জনগণ এখন অনেক সচেতন, তারা আর এমন বিভ্রান্তিতে পা দেবে না।”
এ সময় তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে বলেন, “এলাকায় একটাও এনসিপি নেই। তাই তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চায়, কিন্তু জনগণ পিআর বোঝে না। এসবের কারণেই ভোট পেছানোর অপচেষ্টা চলছে।”
বিএনপি মহাসচিব বলেন, দলটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবিচল রয়েছে। তিনি বলেন, “জনগণ ভোট দিতে পারলেই জামায়াতসহ সকল অনৈতিক রাজনৈতিক শক্তির আসল চেহারা প্রকাশ পাবে।”
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মির্জা ফখরুলের এই বক্তব্যে বিএনপি ও জামায়াতের মধ্যকার সম্পর্ক নিয়ে চলমান বিতর্ক আরও গভীর হলো।