বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান বলেছেন, আওয়ামী লীগের আগামী ১৩ তারিখে ডাকা “লকডাউন” কর্মসূচিতে সারা দেশে কোনো পরিবহণ বন্ধ থাকবে না, বরং আগের চেয়ে আরও বেশি পরিবহণ চলাচল করবে। তিনি বলেন, “এ দেশের মানুষ ও শ্রমিক সমাজ এই লকডাউন প্রতিহত করবে।”
সোমবার (১০ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির খান বলেন, “আমরা ১৩ তারিখের বিষয়ে শঙ্কিত না, তবে আশঙ্কিত। কারণ, ভারতের মাটিতে বসে বাংলাদেশে নাশকতা সৃষ্টির একটি পরিকল্পনা থাকতে পারে, সেটি উড়িয়ে দেওয়া যায় না। সেই নাশকতার লক্ষ্য হতে পারে পরিবহণ খাত, টার্মিনাল, বিমানবন্দর কিংবা রেল জংশন। এজন্য আমরা সারা দেশের সব টার্মিনালে রেড অ্যালার্ট জারি করেছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন এবং কেন্দ্রীয় মালিক সমিতির পক্ষ থেকে ইতোমধ্যে সকল পরিবহণ টার্মিনালে সতর্কতা জারি করা হয়েছে। আমরা আশাবাদী, কোনো ফ্যাসিস্টের দোসর ১৩ তারিখ তো দূরের কথা, আসন্ন জাতীয় নির্বাচনে কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করার শক্তি রাখে না।”
হুমায়ুন কবির খান বলেন, “শেখ হাসিনা নিজেই হরতাল ডেকে গাড়ি বন্ধ করছে। বিরোধী দলের কর্মসূচিতে গাড়ি বন্ধ করার ইতিহাস আওয়ামী লীগেরই আছে। কিন্তু এখন সময় বদলেছে—এটা শেখ হাসিনার যুগ নয়, এটা গণতান্ত্রিক যুগ।”
তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান বলেছেন—দলমত নির্বিশেষে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। এই নির্বাচনই দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে।”
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মিনার উদ্দিন মিনার, জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা এবং কেন্দ্রীয় সংগঠনের বিভিন্ন প্রতিনিধি।