দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুরে দুর্বৃত্তদের চাপাতির কোপে গুরুতর আহত হয়েছেন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। সোমবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আলিফ ফকির রূপসী বাংলা টেলিভিশনের নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে সোমেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন কাঠের সেতু নিয়ে প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে ভিডিও ধারণে যান সাংবাদিক আলিফ ফকির। এসময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত চাপাতি হাতে নিয়ে তার ওপর হামলা চালায়। মুহূর্তের মধ্যে তার শরীরের বিভিন্ন অংশে কোপ মেরে আহত করে তারা।
হামলার সময় আলিফ ফকিরের সঙ্গে থাকা রূপসী বাংলা টেলিভিশনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি শাহজাহান শেখ তাকে রক্ষার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও কোপানোর হুমকি দেয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাংবাদিক আলিফ ফকিরকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “দুপুরে সোমেশ্বরী নদীর চরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”