জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, “খালেদা জিয়ার সম্মান রাখুন, তার আসনে প্রার্থী প্রত্যাহার করুন।” তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আপনাদের মন্ত্রী বানিয়েছেন, তার সময়ে আপনারা ব্যবসা-বাণিজ্য করে ব্যাংকের মালিক হয়েছেন। আজ সেই নেত্রীর আসনে প্রার্থী দেওয়া শোভন নয়।”
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ফেনীর পরশুরাম পৌরসভায় বিএনপির আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, “খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এটাই সময়। এখনও সময় আছে, বেগম জিয়ার কাছে গিয়ে হাত-পা ধরে ‘উইথড্রো লেটার’ দিয়ে আসুন। সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করুন।”
তিনি আরও বলেন, “যারা আমাদের সঙ্গে ছিল, সেই জামায়াতকেও আমরা শ্রদ্ধা করি। তবে খালেদা জিয়ার আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির সঙ্গে প্রতিযোগিতায় নামা রাজনৈতিকভাবে অনৈতিক। আমি বিশ্বাস করি, জামায়াত নেতারা বিষয়টি উপলব্ধি করবেন এবং আমাদের অনুরোধ রাখবেন।”
দলের নেতাকর্মীদের উদ্দেশে এই মুক্তিযোদ্ধা নেতা বলেন, “নির্বাচনের দিন সবাই নেতা নয়, কর্মী হবেন। মাঠে থেকে ধানের শীষে ভোট চাইবেন। আমাদের নেত্রী খালেদা জিয়া, নেতা তারেক রহমান— এই স্লোগানই আমাদের শক্তি।”
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, পরশুরাম উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ ও সদস্যসচিব মাহবুবুল হক মজুমদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আবদুস সালাম শেষে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তার আসনে প্রার্থী না দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়েই জামায়াতের রাজনৈতিক পরিপক্বতা প্রমাণ পাবে।”