বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার এবং নীতিগত অগ্রাধিকার নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল বিএনপির সঙ্গে বৈঠক করেছে। রোববার (৯ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বৈঠকে আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ। অপরদিকে, বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্ব দেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জিয়াউদ্দিন হায়দার এবং দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে হলে আর্থিক খাত, করব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার অপরিহার্য। দলটির পক্ষ থেকে বলা হয়, “জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি টিকবে না।”
আইএমএফের চলমান মিশনের অংশ হিসেবে এ বৈঠকে বাংলাদেশের সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা, রাজস্বনীতি ও সামাজিক নিরাপত্তা কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল—মূল্য সংযোজন করের (ভ্যাট) কাঠামো সংস্কার, করপোরেট কর নীতির উন্নয়ন, ব্যাংক খাতের স্থিতিশীলতা, জিডিপি-টু-ট্যাক্স রেভিনিউ অনুপাত বৃদ্ধি এবং সামাজিক খাতে ব্যয় বাড়ানো।
বিএনপির প্রস্তাবিত নীতি অগ্রাধিকার ও সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে আইএমএফ প্রতিনিধি দল জানায়, বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার ও বৈষম্য হ্রাসে রাজনৈতিক সংলাপ এবং দায়িত্বশীল নীতিনির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বৈঠক ভবিষ্যতে বিএনপি ও আইএমএফের মধ্যে নীতিগত সংলাপ ও সহযোগিতা জোরদার করার নতুন সম্ভাবনা তৈরি করেছে।