গণভোট ও জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে একই দিনে আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র্যালি-পূর্ব সমাবেশে তিনি এ দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, “যে সংস্কারের কথা আজ বলা হচ্ছে, সেই সংস্কারের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি যে সংস্কারের প্রস্তাব দিয়েছে বা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে, তা জুলাই সনদে লিপিবদ্ধ করা হয়নি।
” তিনি আরও বলেন, “হাসিনার পতনের পর দেশের মানুষ এখন নতুন বাংলাদেশ গড়তে চায়। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি আবার আলোচনায় বসে, তাহলে এতদিন ধরে ঐক্যমত্য কমিশনের কাজের মানে কী?”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে উল্লেখ করে ফখরুল বলেন, “সংস্কারের জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তারেক রহমান। সেই সংস্কারের কাজ শুরু করেছিল এই অন্তর্বর্তী সরকার, আর আমরা তাতে পূর্ণ সমর্থন জানিয়েছিলাম। গত এক বছরে সব দল একমত হয়েছে—যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোতে আমরা স্বাক্ষর করেছি।”
তিনি অভিযোগ করেন, “আমরা যেগুলো গ্রহণ করিনি, সেগুলো কনফারেন্সে জানিয়েছি। কিন্তু হঠাৎ উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য প্রেস কনফারেন্স করে জানালেন, রাজনৈতিক দলগুলোকে সাত দিন সময় দেওয়া হবে।
তাহলে এতদিন ধরে ঐক্য কমিশনে যে আলোচনা হলো, তা কি বৃথা গেল? কোটি কোটি টাকা খরচ করে কাজটি করলেন, কিন্তু রাজনৈতিক সমাধান মিলল না।”
বিএনপি মহাসচিব বলেন, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গণভোট ও নির্বাচন একই দিনে হওয়া জরুরি। তিনি আহ্বান জানান, “দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই।”