গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে—বাংলাদেশ কোন পথে এগোবে। তাই এখনই ছাত্র ও জনতাকে সিদ্ধান্ত নিতে হবে, কাকে ভোট দেবেন। ভালো মানুষকে নির্বাচিত করা গেলে দেশও ভালো পথে অগ্রসর হবে।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে যুব ও ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজবিরোধী তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “পেশিশক্তি, কালো টাকার মাফিয়া ও দুর্বৃত্তদের পেছনে স্লোগান দিয়ে রাজনীতি করার যুগ শেষ। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তন আনবে তরুণ সমাজ।” তিনি জানান, গণঅধিকার পরিষদ এখনও কোনো নির্বাচনী জোটে যোগ দেয়নি। রাষ্ট্রব্যবস্থা ও দেশের পরিবর্তনের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা বিবেচনা করেই ভবিষ্যতে জোটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, “৫ আগস্টের আগে যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে তরুণরা রাজপথে নেমেছিল, সেই গণঅভ্যুত্থানের পর ১৫ মাস পেরিয়েও তা বাস্তবায়িত হয়নি। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে এখনও চাঁদাবাজি ও দখল চলছে।”
নুর বিশ্বাস করেন, পরিবর্তন আসবে শুধুমাত্র জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে। তিনি তরুণদের আহ্বান জানান, তারা যেন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করে।
সমাবেশে সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শেখ সাব্বির এবং সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান রাজ। বক্তব্য দেন যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।