বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন,
“ধানের শীষের বিজয় মানে এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজয়। কাজেই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ বিএনপি ভোট বিপ্লবের মাধ্যমে মুনাফেকদের সব চক্রান্তের দাঁতভাঙা জবাব দেবে।”
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন,
“১৯৭৫ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে, ১৯৯০ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এবং ২০২৪ সালে তারেক রহমানের নেতৃত্বে এ দেশের স্বৈরাচারের পতন হয়েছে। জিয়া পরিবার দুর্যোগে, দুর্দিনে, দুঃসময়ে চিরকাল এই দেশকে মায়ের মতো আগলে রেখেছে।”
তিনি আরও বলেন,
“দেশের মানুষ আজ গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের পক্ষে এক হয়েছে। তাই ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক না কেন, বিএনপি জনগণের রায়ে বিজয় ছিনিয়ে আনবে।”
দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান মকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা, সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দীক, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইউসুফ আলী মোল্লা, ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম ভিপি শাহীন, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স প্রমুখ।