বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি জয়ী হয়ে আবারও দেশের দায়িত্ব গ্রহণ করবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামে বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়ার বাড়িতে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “আমরা দেখেছি, কিছু মানুষ হাজার কোটি টাকার মালিক হয়েছে, আর কিছু মানুষ না খেয়ে থেকেছে। এটাই বৈষম্য। এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের ছোট ছোট ভাই-বোনেরা মাঠে নেমেছিল। তারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে। সেই রক্তের বিনিময়েই আজ আমরা গণতন্ত্রের পথে হাঁটছি।”
বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, “আশির দশকে খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন হয়েছিল। এরপর গণতন্ত্র ফিরে আসে, বিএনপি জনগণের ভোটে বিজয়ী হয়, এবং তিনি উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। কিন্তু এখন তিনি জঘন্য মিথ্যা মামলায় ছয় বছর কারাবন্দি ছিলেন এবং এখনও অসুস্থ। সবাই তার জন্য দোয়া করবেন।”
নিজের প্রয়াত পিতা ও বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান-এর স্মৃতি স্মরণ করে তিনি বলেন, “আমার বাবা ব্যাংকে দেনা রেখে মারা গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন ভালোবাসা—সালথা ও নগরকান্দার মানুষের ভালোবাসা। আমি তাদের জন্য দীর্ঘ ১৭ বছর ধরে কাজ করছি এবং ভবিষ্যতেও করব।”
সভায় সভাপতিত্ব করেন ফজলুল মতিন বাদশা মিয়া। স্থানীয় নেতারা বলেন, সালথা-নগরকান্দায় বিএনপির প্রতি মানুষের ভালোবাসা আজও অটুট, এবং শামা ওবায়েদের নেতৃত্বেই নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।