আওয়ামী লীগ সরকারের আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রয়াত শাহ এএসএম কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া আবারও দল পরিবর্তন করেছেন। গণফোরাম ও গণঅধিকার পরিষদে থাকার পর এবার তিনি যোগ দিয়েছেন বিএনপিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
রেজা কিবরিয়া নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিএনপিতে তার যোগদান প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে যোগদানের ঘোষণা দেওয়া হবে।
বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে রেজা কিবরিয়া বলেন, “আমি ইতোমধ্যে বিএনপিতে যোগদান করেছি এবং প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছি। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে যোগ দেব। অবশ্যই আমি ধানের শীষ প্রতীকে হবিগঞ্জ-১ আসনে নির্বাচন করব। ২০১৮ সালের নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবেও একই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম।”
উল্লেখ্য, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রেজা কিবরিয়া গণফোরামের হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে অংশ নিয়েছিলেন। তবে নির্বাচনে পরাজয়ের পর তিনি গণফোরাম ছাড়েন এবং পরবর্তীতে সাবেক ডাকসু ভিপি নুরুল হকের নেতৃত্বে গঠিত গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন।
তবে কিছুদিনের মধ্যেই নুরের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। সেই বিরোধের জেরে রেজা কিবরিয়া রাজনীতি থেকে কিছুটা সরে দাঁড়ান। পরে গণঅধিকার পরিষদ বিভক্ত হলে একটি অংশের নেতৃত্বে ছিলেন তিনি এবং অন্য অংশের নেতৃত্বে ছিলেন নুরুল হক নুর। শেষ পর্যন্ত রেজা কিবরিয়া সংগঠনটি থেকে পদত্যাগ করেন এবং দীর্ঘদিন রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ছিলেন।
দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় হবিগঞ্জ-১ আসনটি এখনো ফাঁকা রাখা হয়েছে, যা রেজা কিবরিয়ার জন্য সংরক্ষিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।