নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় হাজারো রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। বুধবার (৫ নভেম্বর) ডক্টরস এসোসিএশন অব বাংলাদেশ (ড্যাব) নরসিংদী জেলা শাখার উদ্যোগে শহরের সাটিরপাড়া কালী কুমার খেলার মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সকালে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
আয়োজকরা জানায়, দেশব্যাপী ডেঙ্গুজ্বর ও চিকনগুনিয়া রোগ এর প্রকোপ বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক তারেক রহমানের ৩১ দফা কার্যক্রমের অংশ হিসেবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্যাম্পে নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, গ্যাষ্ট্রো এন্টাররোলজি বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ, গাইনী বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থপেডিক বিশেষজ্ঞসহ ১২ জন চিকিৎসক সেবা প্রদান করছেন। নরসিংদী শহরের বিভিন্ন মহল্লা থেকে আগত অসহায় দূস্থ সহ বিভিন্ন বয়সের প্রায় হাজারো রোগী দিনব্যাপী এ ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ড্যাব, নরসিংদী জেলা শাখার সভাপতি ডাঃ এম. এস.এস, হাসান আল জামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এসময় ড্যাব কেন্দ্রিয় কমিটির সভাপতি অধ্যাপক ডা.হারুন আল রশিদ,মহাসচিব ডা. মো: জহিরুল ইসলাম শাকিল, নরসিংদীর সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান,কেন্দ্রিয় বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা,
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, সহ সভাপতি হারুন অর রশিদ, বি.জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, ড্যাব, নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. নুরুল্লাহ আল মাসুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে ২৩৭ টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা হয়েছে। অংশগ্রহণমূলক ও অবাধ-সুষ্ঠু নির্বাচনে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে দেশের স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। জনগণের যে দাবি, দেশের একজন নাগরিকও যাতে চিকিৎসাসেবা বঞ্চিত না হয়, সে ব্যবস্থাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন।